Published : 14 Nov 2025, 08:37 PM
সংসদ ভোটে প্রার্থীর জামানত কমানোর দাবিতে এবং লালদিয়ার কনটেইনার টার্মিনালের কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
এর মধ্যে জামানত কমানোর দাবিতে ২৪ নভেম্বর রয়েছে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি।
আর লালদিয়ার কনটেইনার নির্মাণের কাজ ডেনিশ কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে ১৬ নভেম্বর দেশজুড়ে হবে মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
শুক্রবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশে এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ও সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।
তারা ত্রয়োদশ সংসদ নির্বাচন, জুলাই জাতীয় সনদ, গণভোট ও বন্দর পরিচালনার কাজ বিদেশিদের হাতে দেওয়ার মতো নানা বিষয়ে কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “জাতীয় নির্বাচনের দিনে গণভোট করার যে প্রস্তাব ড. ইউনূস হাজির করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঐকমত্যের কথা বলে একটি ভুয়া দলিল রচনা করেছে।

“সাংবিধানিক আদেশ বলবৎ করে সরকার যা করতে যাচ্ছে, গণভোটের মধ্য দিয়ে তার বৈধতা হবে না। ঐকমত্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। ক্ষমতাসীন সরকার সাংবিধানিক আদেশ ও গণভোটের মধ্য দিয়ে দেশকে দীর্ঘমেয়াদি এক দ্বন্দ্ব-সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। নতুন মোড়কে পুরাতন ব্যবস্থা পাকাপোক্ত করছে বর্তমান সরকার।”
অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে সেলিম বলেন, “বাংলাদেশ বারবার ‘স্বৈরাচারী’ শাসনের কবলে পড়েছে। দেশের মানুষ বুকের রক্ত দিয়ে ‘স্বৈরাচার’ উৎখাত করেছে। নতুন কোনো ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী শাসন আমরা দেখতে চাই না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে বিষয়ে অন্তর্বর্তী সরকার বারবার নানা আশঙ্কার জন্ম দিচ্ছে। তাই আমার দাবি অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “সমাজবিপ্লবীদের ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের জন্য এখন প্রয়োজন, যারা ব্যক্তি মালিকানা উচ্ছেদ করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে চান, তাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা। এবারকার যুক্তফ্রন্ট হবে বিপ্লবীদের যুক্তফ্রন্ট, সমস্ত বামপন্থিদের ফ্রন্ট।
“আমি মনে করি, সেই ফ্রন্টের নেতৃত্ব দিতে হবে কমিউনিস্ট পার্টিকে। তাদের আওয়াজ তুলতে হবে, সমাজবিপ্লবীরা এক হও। আশা করি কমিউনিস্ট পার্টি এ উদ্যোগ গ্রহণ করবে।”
সিপিবির চলতি মাসের কর্মসূচি তুলে ধরে দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, নির্বাচনে জামানতের অর্থ কমানো ও প্রার্থীদের সমতা নিশ্চিতের দাবিতে ২৪ নভেম্বর ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এদিন জেলা ও উপজেলায় নির্বাচন কার্যালয়ের সামনেও বিক্ষোভ সমাবেশ হবে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার কাজ বিদেশিদের কাছে হস্তান্তরের বিরুদ্ধে ১৬ নভেম্বর দেশব্যাপী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হবে।
এছাড়া ২৮ নভেম্বর ঢাকায় হবে নারীদের রাজনৈতিক কনভেনশন। পরের দিন ২৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদসহ বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল দলগুলোর উদ্যোগে হবে জাতীয় পর্যায়ের সম্মেলন। মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি বিষয়ে হবে এ সম্মেলন।
শুক্রবার দুপুরে গণসংগীতের মধ্য দিয়ে শুরু হয় সিপিবির সমাবেশ; শেষ হয় মিছিলের মধ্য দিয়ে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, সভাপতিমণ্ডলীর সদস্য রাগিব আহসান মুন্না, রফিকুজ্জামান লায়েক, জলি তালুকদার, এসএ রশীদ ও মো. আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, সুরেশ্বর দরবার শরীফের পীর হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণলাল।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের দ্বিগুণ ক্ষমতায় এর অদূরেই লালদিয়ায় আরেকটি আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে, যা পরিচালনার দায়িত্বও পাবে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস।
শিপিং কোম্পানি মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে এ টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ৩০ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার।
বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, “গত কয়েক মাস ধরে আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছিলাম। আজ (বুধবার) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে এবং অনুমোদন পেয়েছে। আগামী সপ্তাহে চুক্তি সই করব। জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে যাবে। ২০২৯ সালের মধ্যে বন্দরটি চালু হবে বলে আশা করছি।”
আরও পড়ুন:
লালদিয়া বন্দর নির্মাণ-পরিচালনার কাজ পাচ্ছে ডেনমার্কের এপিএম টার্মিনালস