১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি আহ্বায়কের সাক্ষাৎ

‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থ সম্পর্কিত’ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 11:20 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের এই সাক্ষাৎ হয় বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সেখানে বলা হয়, ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থ সম্পর্কিত’ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে এই সফর এবং গণতন্ত্রের দিকে বাংলাদেশের উত্তরণে ভুটানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান। 

শেরিং তোবগে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য এবং আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। 

সাক্ষাতকালে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

দুই দিনের সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সোমবার সকালে তার থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।