১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্নেল তাহেরের প্রতি জাসদের শ্রদ্ধা: ‘একপাক্ষিক ভোট হলে জাতি সংকটে পড়বে’

সভা শুরুর আগে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাসদের নেতাকর্মীরা।

কর্নেল তাহেরের প্রতি জাসদের শ্রদ্ধা: ‘একপাক্ষিক ভোট হলে জাতি সংকটে পড়বে’
‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ উপলক্ষে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে জাতীয় সংসদের ‘একপাক্ষিক’ নির্বাচন হলে জাতি গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাসদের কার্যকরি সভাপতি রবিউল আলম। 

শুক্রবার ঢাকায় জাসদ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভা শুরুর আগে কর্নেল তাহেরের প্রতি শ্রদ্ধা জানান জাসদের নেতাকর্মীরা।

আলোচনা সভায় রবিউল আলম বলেন, "চলমান রাজনৈতিক অচলাবস্থা জিইয়ে রেখে জাতীয় সংসদের একপাক্ষিক নির্বাচনে জাতি সংকটে পতিত হবে, যা সামাল দেওয়া অন্তবর্তী সরকারের পক্ষে সম্ভব হবে না।

"জাতিকে অমানিশার অন্ধকারে নিমজ্জিত হওয়ার হাত থেকে বাঁচাতে সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে।"

‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ উপলক্ষে শুক্রবার কর্নেল তাহেরের প্রতি শ্রদ্ধা জানান জাসদের নেতাকর্মীরা। 

‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ উপলক্ষে শুক্রবার কর্নেল তাহেরের প্রতি শ্রদ্ধা জানান জাসদের নেতাকর্মীরা।

সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ‘বিচারিক হত্যাকাণ্ড’ রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুমসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আসলাম খান বাবু, ঢাকামহানগর পূর্বের সহ-সভাপতি মাহাবুবুর রহমান ও জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন।