১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

এমন ভয়াবহ ঘটনা জীবনে দেখিনি: সাঈদকে গুলি নিয়ে ফখরুল

“শিক্ষার্থীদের দাবি সরকার আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারত। শুধু তাদের জেদের কারণে তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে”, বলেন তিনি।

এমন ভয়াবহ ঘটনা জীবনে দেখিনি: সাঈদকে গুলি নিয়ে ফখরুল
মঙ্গলবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদকে পুলিশ রাবার বুলেট ছোড়ার আগে তিনি এভাবেই বুক পেতে দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 04:53 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনাকে ‘জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার রংপুরে পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি নিয়ে ফখরুল বলেন, “এ রকম ভয়াবহ ঘটনা আমাদের জীবনে কখনও দেখিনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই ধরনের দমননীতি, এ ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা-গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে।”

সরকার গত কয়েকদিন ধরে ঢাকাসহ সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, “আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় সরকারি সন্ত্রাসী বাহিনী গুলি-সন্ত্রাস-নির্যাতন করে এই যে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে।”

মঙ্গলবার সংঘর্ষে প্রাণ হারানো ছয় জনের স্মরণে বুধবার ঢাকায় গায়েবানা জানাজা পড়ে বিএনপি। 

মঙ্গলবার সংঘর্ষে প্রাণ হারানো ছয় জনের স্মরণে বুধবার ঢাকায় গায়েবানা জানাজা পড়ে বিএনপি।

শিক্ষার্থীদের দাবি সরকার আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারত মন্তব্য করে ফখরুল বলেন, “শুধু জেদের কারণে তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা ও ক্ষোভ আমরা জানিয়েছি।”

মঙ্গলবার সংঘাতে নিহতদের জন্যই বিএনপি গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দিয়েছিল।

বিএনপি নেতা বলেন, “আপনারা দেখেছেন এই মসজিদেও কীভাবে প্রবেশপথ বন্ধ করে দিয়ে আমাদেরকে গায়েবানা জানাজায় বাধা প্রদান করা হয়েছে। আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

‘নাটক’

গত রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, “সম্পূর্ণ আগের মত নাটক সাজিয়ে বিএনপি অফিসে কতগুলো ককটেল বোমা, লাঠিসোঁটা রেখে দিয়ে সেখানে তারা ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা চলছে।

“আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। কারণ, আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।”

মঙ্গলবার সংঘর্ষে প্রাণ হারানো ছয় জনের স্মরণে ঢাকায় গায়েবানা জানাজায় বিএনপি নেতারা

মঙ্গলবার সংঘর্ষে প্রাণ হারানো ছয় জনের স্মরণে ঢাকায় গায়েবানা জানাজায় বিএনপি নেতারা

শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের নিন্দা

মঙ্গলবার দিনভর সংঘাতের পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণারও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “পাকিস্তান আমলে শাসকগোষ্ঠী এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই আন্দোলন তারা দমন করতে পারেনি। 

“একইভাবে আজকে তারা (সরকার) যেভাবে চেষ্টা করছে তার সাথে কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমি এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ করছি।

“আমরা মনে করি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল হল ও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে তা সমস্যার সমাধান করা সম্ভব । এটা সরকার ইচ্ছা থাকলে করতে পারত। কিন্তু তাদের সেই ইচ্ছাটাই নাই।”