১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা

গুলশানের বাসা ফিরোজা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 12:08 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনি বাসায় ফেরেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে নিজের গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে রওনা হন। 

এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন।”

সবশেষ ১৮ জুন এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান বিএনপি চেয়ারপারসন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে তার বাসায় চিকিৎসা সেবা দিচ্ছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।