১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকার হাত-পা বেঁধে জাপাকে সাঁতারে নামাতে চায়: জিএম কাদের

"আশঙ্কা করছি, অন্তর্বর্তী সরকার দেশকে পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে,” বলেন তিনি।

সরকার হাত-পা বেঁধে জাপাকে সাঁতারে নামাতে চায়: জিএম কাদের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 10:36 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে ‘হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে’ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার দিনাজপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হওয়ার পরের দিন দলের শীর্ষ ব্যক্তির কাছ থেকে এমন প্রতিক্রিয়া এল। 

শনিবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, “নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।

"আশঙ্কা করছি, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন।”

তিনি বলেন, "একই সাথে জাতীয় পার্টি যেন সরকারি দল ও সরকারের পছন্দের দলগুলোর জয়লাভে কোনো ঝুঁকি তৈরি করতে না পারে, সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। সে উদ্দেশ্যে নানা বাধা সৃষ্টি করে জাতীয় পার্টি যেন নির্বাচনে স্বাভাবিক পরিবেশ না পায়, সে বিষয়ে সচেষ্ট।"

"অবস্থাদৃষ্টে ধারণা করি, বর্তমান সরকার জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন।"

জিএম কাদেরর অভিযোগ, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সমাবেশ এবং ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণঅধিকার পরিষদ বাধা দেয়। 

পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, "জাতীয় পার্টির কার্যক্রম স্থবির করতে সরকারের মদদে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা করা হচ্ছে।” 

তিনি বলেন, “অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরন ও প্রচলিত আইনের অপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন-নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না।"