ভোটের বাদ্য বাজল
ভোটে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খান সুবায়েল বিন রফিক।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
রোববার প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ প্রচার অভিযানের প্রথম টিজারে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ও গুমের শিকার পরিবারের প্রতিনিধি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খান সুবায়েল বিন রফিক।
টিজারে সুবায়েলকে বলতে শোনা যায়, “সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে।”
ভিডিওতে বলা হয়, “নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।”
গত ৫ অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। এ আয়োজনের প্রস্তুতি নিতে পরদিন সরকারপ্রধানের দপ্তর চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে।
