২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার এক ফেইসবুক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ লেখেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।”

সাধারণত ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিন্সটার সরকার পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে সংসদের প্রধান বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে একদল জ্যেষ্ঠ সদস্য একটা মন্ত্রিসভা গঠন করে; যেটা সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে। এই মন্ত্রিসভা সরকারের মন্ত্রীদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনও সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের ওপর জোর দিয়ে আসছেন।

গেল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করে। জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এবং ৬টি আসনে জয়লাভ করে।