বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে ফখরুল
বিএনপি মহাসচিব প্রবীণ এই তাত্ত্বিকের শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে গিয়ে মার্ক্সবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে দেখে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে কেবিনে ভর্তি বদরুদ্দীন উমরের স্বাস্থ্য পরিস্থিতি তিনি চিকিৎসকদের কাছ থেকে জেনে নেন।
বিএনপি মহাসচিব প্রবীণ এই তাত্ত্বিকের শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ফখরুল এ সময় জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও বদরুদ্দীন উমরের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে গত ২২ জুলাই হাসপাতালে ভর্তি হন বদরুদ্দীন উমর। এখন তার অবস্থা ‘অনেকটা উন্নতির দিকে’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে তিনি ‘জাতীয় মুক্তি কাউন্সিল’ নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।
