Published : 09 Oct 2025, 01:40 PM
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় তাদেরকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
বুধবার রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করা হয়। বাকি চারজনও ওই রাতেই ঢাকার বিভিন্ন এলাকায় গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার বাকিরা হলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের (২২), মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর ইসলাম (৩০), দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) এবং মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন রাজন (৪৪)।

এদের মধ্যে মালিবাগ থেকে আবু নাঈম জুবেরকে, মিরপুর থেকে তানভীর ইসলামকে, কাওলা এলাকা থেকে সৈয়দ সাজ্জাদ হোসেনকে এবং মতিঝিল থানার শাপলা চত্ত্বর এলাকা থেকে আমজাদ হোসেন রাজনকে গ্রেপ্তার করা হয়।
তবে তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা ডিএমপির তরফে জানানো হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। সবশেষ নওগাঁর সাবেক এমপি সুমনকে গ্রেপ্তার করা হল।
ওমর ফারুক সুমন নওগাঁ-৬ আসন থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।