১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার অবস্থা ‘অপরিবর্তিত’: রিজভী

“তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি (তারেক রহমান) উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।… উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে,” বলেন রিজভী।

খালেদা জিয়ার অবস্থা ‘অপরিবর্তিত’: রিজভী
খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে, উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।”

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। 

তার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে রিজভী রোববার বলেন, “আমরা মনে করি যে, দ্রুতই তিনি সেরে উঠবেন, উনি আরোগ্য লাভ করবেন, উনি সুস্থ হয়ে উঠবেন…এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।

“মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা।  প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।”

রিজভী বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন।

“তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে…, এ নিয়ে আমি বলব যে, উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটতে হচ্ছে।”

এর আগে চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন খালেদা জিয়া। সে সময় লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা চলে। 

 রিজভী বলেন, “লন্ডন ক্লিনিকের ডাক্তার যারা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাদের সাথে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে, এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন।”

এভারকেয়ার হাসপাতালের সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান রিজভী।

বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিনসহ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।