এভারকেয়ারের সামনে অপেক্ষা
জুবাইদা রহমান শাহজালালে পৌঁছেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রার সঙ্গী হতে ঢাকায় আসা জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ডা. জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইন শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির কাছে যাবেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজে-৩০২) ডা. জুবাইদা রহমান দেশের পথে রওনা হন।
এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
“ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার রাত ১২টার দিকে জানান, খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
