Published : 05 Dec 2025, 12:59 AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকার পথে রওনা হয়েছেন পুত্রবধূ জুবাইদা রহমান।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৬টার (বাংলাদেশ সময় রাত ১২টার) কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩০২) তিনি লন্ডন ছেড়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘‘ভাবি (তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা) হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছে বলে জানতে পেরেছি। ইনশাল্লাহ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।"
রুমন বলেন, বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আসবেন।
এরপর এ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাওয়ার সূচি ঠিক করা হয়েছে।

হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় দেন জুবাইদা ও তারেক দম্পতির কন্যা জাইমা রহমান বলে জানান রুমন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন রাত ১২টার দিকে খালেদা শারীরিক অবস্থার বিষয়ে বলেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
তিনি আবারও দলের প্রধানের জন্য সবার কাছে দোয়া চান।
এর আগে দুপুরে বিফ্রিংয়ে এসে ডা. জাহিদ মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আবারও লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি।
চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেছিলেন বিএনপি চেয়ারপারসন। তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধু জুবাইদা।