Published : 21 Jan 2026, 02:35 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থীরা বসে না গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেছে, “আমরা অবশ্যই চাইব, পুরো দল এক হয়ে ধানের শীষের কাণ্ডারীর জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা এটি করবেন না, তাদের বিরুদ্ধে অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”
বুধবার গুলশানে বিএনপির কার্যালয় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সারা দেশে এখন প্রায় দুই হাজার প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার, কঠোর বার্তা আর বিভিন্ন পর্যায়ে সমঝোতা ও আলোচনার পরও ৭৯টি আসনে বিএনপি অন্তত ৯০ জন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছেন।
মাহদী আমীন বলেন, “দেখুন গণঅভ্যুত্থান হয়েছে, তার আগে ফ্যাসিবাদবিরোধী একটা আন্দোলন ছিল। দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই, একই সাথে এটা সত্য, অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন, যারা কখনো নির্বাচনে অংশ নিতে পারেননি।
“ফলে এতে দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মত একটা বড় রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না।”
তিনি বলেন, “অনেক আসনে অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী অনেক সংগ্রামী তারা। দলের জন্য অনেক ভূমিকা রয়েছে। কারো কারো ভেতরে অনুভূতি রয়েছে, উনি আসনটিতে মনোনয়ন পেতে পারতেন।
“প্রত্যাহারের সময় চলে গেছে। এখন নির্বাচন পরিচালনা কমিটি থেকে আলাপ-আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলোচনা করা হবে। তারপরে যদি কেউ প্রার্থী থাকেন, অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মাহদী আমীন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে।
“আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন, তারা যখন ঢাকায় এসেছিলেন, আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারে গণভোটে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেব।”
তিনি বলেন, “গণঅভ্যুত্থানে আমরা দেখেছি মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা (দরকার)। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকবে, জবাবদিহিমূলক হবে।
“সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।”
মাহদী আমীন বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব সংস্কর প্রস্তাব নিয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, সেসব বিষয়ে আগামী সংসদে তারা আলোচনা করবেন।
“সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান, এটা দলের সবাইকে বলে দিয়েছি।”