ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন
আগামী ১৮ সেপ্টেম্বর বিকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিনসহ তিনজন ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং তিনটি ফরম সংগ্রহের তথ্য দিয়ে বলেন, মির্জা ফয়সাল, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ফরম সংগ্রহ করেছেন।
তেনজিং বলেন, দলীয় তফসিল অনুযায়ী বুধবার মনোনয়নপত্র জমা দেবেন আগ্রহী প্রার্থীরা। আগামী ১৮ সেপ্টেম্বর বিকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন ইচ্ছুকদের সাক্ষাৎকার নেবে।
মির্জা ফয়সাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
গত ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলের মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের ভোট গ্রহণ হবে।
