Published : 11 Sep 2025, 02:18 PM
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে’ অভিযোগ করে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে থেকে রাজপথে যত ষড়যন্ত্রই আসুক, দেশবিরোধি যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র আসুক, সকল ষড়যন্ত্রকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে মোকাবিলা করার জন্য আজকে আমরা শপথ নিতে চাই।”
জাহিদ বলেন, “আমি ১২ দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও আপনারা তার পাশে থাকবেন এই প্রত্যাশা করি।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের পূনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক এই সমাবেশ হয়।
‘আগামীর বাংলাদেশ কেমন হবে’ ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ বলেন, “আগামী বাংলাদেশ কি ধরনের হবে? স্বাস্থ্য ব্যবস্থা কি হবে? আইনের শাসনের কি অবস্থা হবে? কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে? সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার ভাত কাপড় এবং আপনার খাদ্যের যে চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিস ৩১ দফা কর্মসূচিতে বিএনপিসহ সকল গণতন্ত্রকালী রাজনৈতিক দল একত্রীতভাবে জুলাই জুলাই সেটি ঘোষণা করেছে।”
‘‘ অর্থাৎ এটি হচ্ছে, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। কিভাবে বাংলাদেশে আগামী সরকার অর্থাৎ সকল মানুষকে সাথে নিয়ে একটি সরকার পরিচালিত হবে।এই সরকারে মানুষ আস্থা রাখবে। সেই সরকারের দেশের সুশাসন নিশ্চিত হবে আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরপরাধ কোন মানুষ সাজা প্রাপ্ত হবে না অপরাধীরা ছাড়া পাবে না কাজেই এই ধরনের একটি সামাজিক অবস্থা এই ধরনের একটি বন্দোবস্তের জন্যই আমরা লড়ছি ১২ দলীয় জোট লড়ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়ছে।”
তিনি বলেন, “আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় করে আমরা রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব যার মাধ্যমে ফ্যাসিবাদ দূরে থাকবে, ফ্যাসিবাদের দোসররাও যাতে কোন ফাঁক-ফোঁকর দিয়ে সেখানে ঢোকার কোন সুযোগ না পায় সেই ঐক্যকে আমরাও দৃঢ় করব।”
১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট মাওলানা আবদুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মো. লিটন বক্তব্য রাখেন।