১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংসদে জামায়াত জোট ‘কুসুম-কুসুম’ বিরোধিতা করে: ইসলামী আন্দোলনের মহাসচিব

“জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শক্ত অবস্থানে নেই বিরোধী দল।”

সংসদে জামায়াত জোট ‘কুসুম-কুসুম’ বিরোধিতা করে: ইসলামী আন্দোলনের মহাসচিব
গাজী আতাউর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 03:56 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা সরকারের ‘তল্পিবাহকে’ পরিণত হয়েছেন বলে সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, “বর্তমানে সংসদে কার্যকরি কোনো বিরোধী দল নাই। জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। তারা সংসদে কুসুম-কুসুম বিরোধিতা করে, কিন্তু জনগণের স্বার্থে কথা বলে না।”

শুক্রবার দুপুরে রাজধানীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আতাউর রহমান বক্তব্য রাখছিলেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তিনি বলেন, “সংসদে অনেক অপ্রয়োজনীয় আলোচনা হয়, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শক্ত অবস্থানে নেই বিরোধী দল। তবে মাঠের বিরোধী দল হিসেবে আমরা কার্যকরি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।”

সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, “এই সরকার বলেছিল এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিল-ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কর্মসংস্থান সংকোচন করছে।”

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জনগণ জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের ‘পালস’ বুঝতে ব্যর্থ হয়েছে।”

চরমোনাই পীর হিসেবে বেশি পরিচিত রেজাউল করীম বলেন, “ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের  স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। 

“দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নাই।”

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।