২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়া ছিলেন প্রভাবশালী নেতৃত্বের প্রতীক: অর্থ উপদেষ্টা

“রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়কে দেশের রাজনৈতিক অঙ্গনের ‘একজন প্রভাবশালী নেতৃত্বের প্রতীক’ বলে বর্ণানা করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ একটি বার্তা দিয়েছেন। 

শোক বার্তায় অর্থ উপদেষ্টা বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক।

"রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তাঁর নেতৃত্ব ও অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।"

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ উপদেষ্টার শোক বার্তা সামনে এসেছে।

অর্থ উপদেষ্টা বলেন, "রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সিদ্ধান্ত ও অবস্থান দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ প্রভাব রেখে গেছে।"

খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক 'অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে' মন্তব্য করে তার রুহের মাগফিরাত কামনা করেন সালেহউদ্দিন আহমেদ।

পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী এবং তার বহু অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।