১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসিতে চলছে আপিল শুনানি

শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

জ্যেষ্ঠ ও নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 12:03 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুনছে নির্বাচন কমিশন। 

‎শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও রয়েছেন।

শুনানিতে আপিলকারীসহ তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ‎ এর মধ্যে বেশিরভাগ আবেদন করা হয়েছে প্রার্থিতা ফিরে পেতে; ডজন খানেক আবেদন হয়েছে বৈধ প্রার্থীর মনোনয়নত্র বাতিল চেয়ে।

শনিবার শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। 

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে আপিল শুনানি শুরু হয়েছে। প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত অন্তত ৭০টি আপিল আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।“

নির্বাচন কমিশন জানিয়েছে, শনি, রোব ও সোমবারে অনুষ্ঠেয় ২১০ আপিল শুনানির রায়ের অনুলিপি মিলবে সোমবার।

শুনানির তারিখ ও নম্বর—

‎* ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০

‎* ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০

‎* ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০

‎* ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০

‎* ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০

‎* ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০

‎* ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০

‎* ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০

‎* ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।

‎রায়ের অনুলিপি ও ফল

‎ইসি জানিয়েছে, শুনানি শেষে ফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও অনুলিপি সংগ্রহ করা যাবে।

‎* ১০-১২ জানুয়ারির শুনানির রায়: ১২ জানুয়ারি

‎* ১৩-১৫ জানুয়ারির শুনানির রায়: ১৫ জানুয়ারি

‎* ১৬-১৮ জানুয়ারির শুনানির রায়: ১৮ জানুয়ারি

নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

‎এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন, তারা ‘ইনসাফ পাবেন’ বলে ইতোমধ্যে আশ্বস্ত করেছেন সিইসি নাসির উদ্দিন।

গত বৃহস্পতিবার আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে তিনি বলেছিলেন, “আমরা ইনসাফে বিশ্বাসী; আমরা ইনসাফ করবো। শুনানির পরে দেখবেন আইন, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সে ধরনের সিদ্ধান্ত দেব। আইন সবার জন্য সমান, সবাই মানতে বাধ্য।”

আপিল নিষ্পত্তি শেষে ‎‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তখন চূড়ান্ত হবে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।