Published : 19 Dec 2024, 05:33 PM
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের ধারা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে, বিএনপি তার প্রশংসা করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা এই রায়কে স্বাগত জানাই, এপ্রিশিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছে, পরের নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনীর একমাত্র উপযুক্ত ফোরাম।”
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সেখানে এক সাংবাদিক জানতে চান, রায় নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়েছে কিনা?
জবাবে বিএনপি মহাসচিব বলেন, “এই সংশোধনীর শুনানিতে আমরা যেসব বক্তব্য দিয়েছিলাম; কিছু প্রস্তাব দিয়েছিলাম; সব ক্ষেত্রেই পুরোপুরিভাবে আসেনি।”
এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। বিলোপের এই বিধানসহ ওই সংশোধনীর অংশবিশেষ বাতিল করে গত মঙ্গলবার রায় দেয় হাই কোর্ট।
তবে জাতির পিতার স্বীকৃতি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণসহ কয়েকটি ধারা ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ।
রায়ে আদালত বলেছে, বিগত তিন জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ‘জনগণের আস্থা ধ্বংস করে দিয়েছে’।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রায়ের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “সংবিধান সংশোধনের এখতিয়ারসহ বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে এই রায়ে। যেসব বিষয় আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছে, সেই বিষয়গুলো আসলে সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ধ্বংস করেছে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি, ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, জাতীয় ও স্থানীয়, সমস্ত নির্বাচনই অবৈধ। সেই কারণে আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।”
দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ ওঠায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিচারের আওতায় আনার দাবি বিএনপি তুলবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “সময় যখন আসবে, যখন অবশ্যই সুযোগ আসবে, তাকে বিচারের আওতায় নিয়ে আসার, তখন নিশ্চয় নিয়ে আসা হবে।”
আরো পড়ুন-
পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে 'তত্ত্বাবধায়ক' ফেরার পথ খুলল
জাতির পিতার স্বীকৃতি, ৭ মার্চসহ কয়েকটি ধারার সিদ্ধান্ত সংসদে