১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সাত দলের বৈঠক বিকালে

মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

যে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে তারা হলেন—এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ইউনূস। নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।

বৈঠক শেষে রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ''প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে।

“অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ''প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। উনি বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে 'ওয়ান অব দ্য বেস্ট' ইলেকশন হবে।''