১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কে কী বলল, পাত্তাই দিই না: কূটনীতিককে জড়িয়ে ধরা নিয়ে শফিকুর

“ঈদের দিনটা মানুষ একটু খোলামনে সবার সাথে মেশে, আমি একটু মিশেছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 12:43 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় একজন কূটনীতিককে জড়িয়ে ধরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হয়েছে তার জবাবে জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কে কী বলল না বলল, তিনি পাত্তা দেন না। 

ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তিনি কূটনীতিক ও রাজনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সে অনুষ্ঠানে একজন বিদেশি কূটনীতিককে জড়িয়ে ধরেন জামায়াত আমির। 

জামায়াত এটিকে হৃদ্যতাপূর্ণ আচরণ বললেও সামাাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর সমালোচনা করেন। 

বুধবার ঢাকায় এক আলোচনায় সভায় সমালোচকারীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, “জানবে না, বুঝবে না, তার আগেই চায়ের কাপে ঝড় তুলবে। কেন তোলে জানেন? মূল ইস্যুকে চাপা দেওয়ার জন্য তুলে। 

“দেখেন না সম্প্রতি একটা ঘটনা। আমাদের এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলামনে সবার সাথে মেশে, আমি একটু মিশেছি। হায়রে আল্লাহ, এটা নিয়ে কী যে অবস্থা।”

আমির বলেন, “নবীজি এটা করেছেন রে ভাই। তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কী বলল না বলল, এগুলার পাত্তাই আমি দিই না। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো।”

তিনি বলেন, “মানুষ হিসেবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসেবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী আর সবাই চোখ বন্ধ করে আছে, অথবা উট পাখির মত ঠোট বালিতে ঢুকিয়ে বসে আছে, এটা মনে করবা না। 

“দুনিয়া এখন বড় চালাক, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা অবজারভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চলাইট বসে আছে।”

ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান।