Published : 22 Apr 2026, 06:41 PM
গণভোটের রায় ‘বাস্তবায়ন’ নিয়ে চলতি সংসদ অধিবেশনেই সমাধান বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার ১১ দলীয় ঐক্যের শরিক খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেছেন, “পার্লামেন্ট সেশন এখনো চলছে, ২৯ তারিখ সম্ভবত শেষ হবে। এই পার্লামেন্টে আপনি (প্রধানমন্ত্রী) বিরোধী দলকে নিয়ে একটা ওয়ে আউট তৈরি করুন, কীভাবে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করবেন।
“গণভোটের ফলাফলকে বাস্তবায়ন করে, সংবিধান সংস্কার করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবন ও ত্রিশ-চল্লিশ হাজার মানুষের রক্তাক্ত ক্ষতচিহ্নের দুঃখকে কিভাবে আপনি লাঘব করে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেবেন। দেশকে, এই জাতিকে আর সংঘাতের দিকে ঠেলে দেবেন না।”
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিলে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস আমির আব্দুল বাছিত আজাদ। মূল বক্তব্য দেন দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি হয়েছে’ দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আপনারা (সরকার) এর সমাধান করুন। আমরা ভেবেছিলাম রাজনীতিতে পরমতসহিষ্ণুতা হবে; কেউ কারো উপর হামলা করবে না, আক্রমণ করবে না; মারামারি হবে না। মানুষ ডেমোক্রেটিক রাইটস নিয়ে কথা বলবে, সংবিধানের আর্টিকেলে দেওয়া স্বাধীনতা এনজয় করবে। সেই বাংলাদেশ আমরা ফিরো পাব। আল্লাহ! এখনই আপনি বিরোধী দলের উপর বাধা দিচ্ছেন।
“অফিস হামলা করছেন, ভাংচুর করছেন। গতকালকে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতার পায়ের রগ কেটে দিয়েছেন। রগ নাকি শিবির কাটে। পত্রিকায় ছবি এসেছে তার পায়ের রগ আপনারা কেটে দিয়েছেন।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বহু কষ্টের মধ্য দিয়ে অর্জিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্ট হচ্ছে রাজনীতির বিতর্কের জায়গা। আসুন, পার্লামেন্টে এটা সমাধান করি।
আলোচনায় অন্যান্য বক্তারা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)’ বাস্তবায়ন আদেশ সরাসরি কার্যকর এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোট অধ্যাদেশের কার্যকারিতা যে কোনো মূল্যে সচল করার আহ্বান জানান।
অন্যদের মধ্যে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিস নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাজেদ আতাহারী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবুল হাসান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব যোবায়ের আহমদ ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফায়সাল, লেবার পার্টির দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন অনুষ্ঠানে বক্তব্য দেন।