Published : 20 Aug 2026, 07:21 PM
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণফোরামের এমিরেটাস সভাপতি কামাল হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সই করা এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে কামাল হোসেন বলেন, “বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘ দেড় দশক ধরে সরকারের দমনপীড়ন, নির্যাতন, মামলা ও কারাবাসের মধ্যেও রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।
“দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি জাতীয় এক্যফ্রন্ট্রের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।”
এদিন বিকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ২৫৫টি ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার প্রতিদ্বদ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আওয়ামী লীগের আমলে সরকারবিরোধী আন্দোলন এবং একাদশ সংসদ নির্বাচনে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে নির্বাচনি জোট গঠনে মির্জা ফখরুলের ভূমিকার কথা অভিনন্দন বার্তায় স্মরণ করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন।
তিনি বলেন, “একসাথে আন্দোলন করতে গিয়ে আমি তার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্ব দেখে মুগ্ধ হয়েছি। সর্বোপরি সরকারের নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন ‘গণতন্ত্রমনা, আদর্শবান, দল ও নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধ, প্রাজ্ঞ’ রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করায় বিএনপি এবং জাতীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কামাল হোসেন।