জামায়াতের চোখে রোডম্যাপ ‘গতানুগতিক, কিছুটা বিভ্রান্তিমূলক’
“জাতির প্রত্যাশা আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে; তা এখনও ঠিক হয়নি।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তুলে ধরে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেটাকে ‘গতানুগতিক’ ও ‘কিছুটা বিভ্রান্তিমূলক’ হিসেবে মূল্যায়ন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের এ নেতা বলেন, “জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে; তা এখনও ঠিক হয়নি।
“এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।”
গোলাম পরওয়ার বলছেন, “জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সনদের আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে জামায়াত মনে করে।”
এদিন দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।
আগের দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ রোডম্যাপে অনুমোদন দেয়, যেখানে দুই ডজন কাজের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
রোডম্যাপ ঘোষণাকে ‘সুসংবাদ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির নেতারা।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এ রোডম্যাপ থেকে বোঝা যায়, কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।”
দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “রোডম্যাপ আজ এসেছে, এটা সুসংবাদ।”
তিনি বলেন, “মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।”
