১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ পেলেন ধানের শীষ

“আমরা যতজন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই এক এবং অভিন্ন,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 08:51 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে (কেশবপুর উপজেলা) ধানের শীষ প্রতীকে ভোট করবেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

সোমবার সন্ধ্যায় এ আসনসহ ২৩৭ আসনের প্রার্থীর নাম পড়ে শোনান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে শ্রাবণ ফেইসবুক পোস্টে কেশবপুরবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন, আপনাদের আবেগকে শ্রদ্ধা ও সম্মান জানাই।

“আমি শুধু অনুরোধ করব, প্রিয় মমতাময়ী মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।”

মনোনয়ন পেয়ে কোনো ‘বিজয় মিছিল’ বা ‘হৈ হুল্লোড়’ করবেন না জানিয়ে শ্রাবণ লিখেছেন, “আমরা সেদিনই বিজয় মিছিল করব, সেদিনই মিষ্টি খাব, যেদিন দেশের গণমানুষের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীক বিজয় করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।

“আপনারা যদি আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন, তাহলে দলের নির্দেশ এবং আমার অনুরোধ আপনারা রাখবেন, আমি বিশ্বাস করি।”

ভেদাভেদ ভুলে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেছেন, “আমরা যতজন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই এক এবং অভিন্ন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভেদ তৈরি করতে কাউকে সুযোগ আমরা দিব না, আমরা সকলে মিলেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব—এটাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।

“ভোট দিব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।”

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার পুরনো আসন বগুড়া-৭ ও ফেনী-১ এর সঙ্গে প্রথমবারের মত দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার ভোট করবেন বগুড়া-৬ আসন থেকে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রার্থী হবেন।