Published : 06 Apr 2026, 03:04 PM
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে ১২ মে; তার আগে ৮ এপ্রিল ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ সোমবার কমিশন সভা শেষে এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সকালে কমিশন সভা হয়।
আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিলের সময় জানিয়ে দেওয়া হবে ।
বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বণ্টন করা হয়।
সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে।
অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলের আসনে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছ একটি আসন।
দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
প্রাথমিক বণ্টন অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসনে পেতে পারে।
সংসদ নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোটের বাধ্যবাধকতা রয়েছে।
সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সংসদে প্রনিধিত্বকারী দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোট করার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। দল ও জোটগতভাবে সংরক্ষিত আসন সংখ্যা চূড়ান্তের পর তফসিল হতে যাচ্ছে।
১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। তবে গেজেট প্রকাশ করা হয় ২৯৭ আসনের। আদালতের আদেশে দুটি আসনের (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রয়েছে।
ইসি সচিব বলেন, “আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নেবে ইসি। নির্বাচন পরবর্তী সময়ে ৫০টি মামলা হয়েছে; সেসব আসনের মালামাল সংরক্ষণ করা হবে।”
দুই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। আর দুটি আসনে জয় পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। এ দুটো আসনে নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার।
সেজন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। এখন পযন্ত এ দুটি আসনের ভোট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মত পরিস্থিতি নেই। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক আছে। জাতীয় নির্বাচনের মতই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।”
শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ১২৯টি। বগুড়া-৬ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ ১৫১টি।
ব্যয় রিটার্ন জমার সময় আরও এক মাস
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের এক মাসের মধ্যে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে এ সময়সীমা পার হয়ে গেছে।
তবে নির্বাচন কমিশনের কাছে অনেকে ব্যয় রিটার্ন জমার সময় বাড়াতে আবেদন করেছেন বলে ইসি সচিব আখতার আহমেদ জানান।
তিনি বলেন, “অসুস্থতা ও নানা সীমাবদ্ধতার কারণ দেখিয়ে কয়েকজন ব্যয় রিটার্ন জমার জন্য সময় বাড়াতে আবেদন করেছেন। কমিশন বলেছে, আজ থেকে আরও এক মাস সময় সীমা বাড়ানো হবে, যাতে তারা ব্যয়ের হিসাব দিতে পারেন।”
নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আরও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান ইসি সচিব।
তিনি বলেন, সংসদ নির্বাচন বিষয়ে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন নিয়ে সভা-সেমিনার করার পরিকল্পনা রয়েছে ইসির।
“৮০টি পর্যবেক্ষক সংস্থা থেকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। এসব নিয়ে আলোচনা, সেমিনার করবে ইসি।”
এ বছর রোজার সময়ে ২ মার্চ ভোটার দিবস পালন করা হয়নি। ভোটার দিবস উদযাপনের জন্য কমিটি করা হয়েছে, কমিটি তারিখ ও উদযাপনের পদ্ধতি নিরুপণ করছে বলে জানান ইসি সচিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে না।
“দুদক, অডিট বিভাগ ও অনিয়ম তদন্ত কমিশন-তিনটি আলাদা জায়গা থেকে এটি (ইভিএম) নিয়ে পর্যালোচনা করছে, এসব নিয়ে প্রতিবেদন পেলে পদক্ষেপ নেবে ইসি। যে যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা, তা ব্যবহার করা হবে না।”