Published : 14 Dec 2025, 03:14 PM
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে জয়ে ‘মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের’ অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল 'দৈনিক আজকের কণ্ঠ'র বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন জশিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন।
সেখানে ‘মিথ্যা-বিভ্রান্তিকর তথ্য প্রচারে ‘পাশাপাশি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পত্রিকার ফেইসবুক পেইজের ‘অ্যাডমিন’সহ অজ্ঞাতনামা সহযোগিদের আসামি করা হয় মামলার আর্জিতে।
বিচারক বাদীর জবানবন্দি শুনে ডিবি পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, “নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সাথে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসাবে” আসামি এবং তাদের সহযোগীরা জেনেশুনে “মিথ্যা তথ্য” প্রচার করেছে এবং সম্ভাবনাময় প্রার্থীদের “ব্যক্তিগত চরিত্র সম্পর্কে মিথ্যা বিবৃতি” দিয়ে আসছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।
মামলার বাদী বলছেন, “আজকের কণ্ঠ পত্রিকা এবং তার সহযোগীরা ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা।
“শুধুমাত্র বিএনপি ঘোষিত ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয়ী হবার সমূহ সম্ভবনাবান প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত করা হয়েছে।”