১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারেকের ফেরা ‘অন্তর্ভুক্তিমূলক’ ভোটের পরিবেশ গড়তে সহায়ক হবে: এনডিএফ

“তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন," বলা হয় বিবৃতিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

তারেক রহমানের দেশে ফেরা ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের পরিবেশ গড়তে সহায়ক হবে বলে মনে করছে জাতীয় গণতান্ত্রীক ফ্রন্ট (এনডিএফ)।

বৃহস্পতিবার ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া তুলে ধরেন। 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছে নতুন আত্মপ্রকাশ করা এ ২০ দলীয় জোট।

এ জোটের নেতৃত্বে রয়েছে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি।  

এনডিএফের বিবৃতিতে বলা হয়, "দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, বিশেষত চব্বিশের গণআকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য সকল গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

"তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং তিনি জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন।"

বিবৃতিতে জোটের দুই শীর্ষ নেতা বলেন, "জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে সংযম, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও জনগণের আস্থাভাজন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা আজ সময়ের দাবি।"