১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মব’: বেছে বেছে নয়, সবাইকে বিচারের আওতায় চান খসরু

”এই সমস্ত মবোক্রেসির সাথে যারা জড়িত (এটা) তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়।”

‘মব’: বেছে বেছে নয়, সবাইকে বিচারের আওতায় চান খসরু
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সোমবার বিফ্রিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:58 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

‘মব’ এর বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে বলে তুলে ধরেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরামের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার উত্তরার বাসা ঘেরাও করে তাকে হেনস্তার ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘‘আপনারা জানেন, মবোক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না।

‘‘বিএনপি বাংলাদেশে সহনশীল, পারস্পরিক সন্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই সমস্ত মবোক্রেসির সাথে যারা জড়িত (এটা) তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়।”

যারা ‘মব’ তৈরি করবে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থার তাগিদ দিয়ে তিনি বলেন, “কারো জন্য বিচার হবে, কারো জন্য হবে না- এটা তো আমার মনে হয় না। যারা আইনের শাসনে বিশ্বাস করে তারা এটা কোনোদিনও বলবে না।”

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘‘নিশ্চিতভাবে ফেব্রুয়ারির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাবে ঐক্যবদ্ধভাবে। যথাসময়ে নিয়মানুযায়ী নির্বাচনের দিনক্ষণ ও তফসিল ঘোষণা হবে।”

এদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে আলাদা বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন আমীর খসরু।

গণফোরামের সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল এবং পরে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু।

রোববার রাতে একই অফিসে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।