০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাহবুব আলী খানের কবরে মেয়ে জুবাইদা ও নাতনি জাইমার শ্রদ্ধা

বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 03:26 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন তার দুই মেয়ে শাহিনা খান জামান ও জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে যান মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা। সেখানে তারা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন।

পরে জুবাইদা রহমান ও জাইমা রহমান কিছু সময় একান্তে কবর জিয়ারত করেন। সামরিক কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়।

পরিবারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ অগাস্ট তিনি মারা যান।

মাহবুব আলী খান বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। তার স্ত্রী সৈয়দ ইকবাল মন্দ বানু। তাদের দুই মেয়ে শাহিনা খান জামান ও জুবাইদা রহমান।