১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ ২৪ এপ্রিল, জেলা-উপজেলায় বিক্ষোভ শুক্রবার

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে দলের আমির মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সংবিধান সংস্কারে গণভোটের রায় কার্যকরের দাবিতে সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটি ২৪ এপ্রিল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে, ১০ এপ্রিল জেলা ও উপজেলা পর্যায়ে হবে বিক্ষোভ কর্মসূচি।

শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে দলের আমির মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন বলে দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বলেছেন।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে চারটি রহিত করার সুপারিশ করছে সংসদীয় বিশেষ কমিটি। সংবিধানে সংস্কার প্রশ্নে গণভোট অধ্যাদেশসহ ১৬টি এখনই সংসদে না তোলার সুপারিশ করেছে কমিটি। ফলে এই ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে, এমন খবর এসেছে।

এ অবস্থায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস গণভোটের রায় কার্যকরের দাবিতে দুই দিনের এই কর্মসূচি দিল।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশ আহ্বানের জন্য আনা মুলতবি প্রস্তাবে প্রতিকার না পাওয়ার অভিযোগে বুধবার সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধী দল।

একই দাবিতে শনিবার ঢাকায় বিরোধী জোট বিক্ষোভ সমাবেশ করেছে।

এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির দলের নির্বাহী পরিষদের সভায় বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্ট রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধানের সংস্কার করতে চায় না। বরং তারা এতে কিছু সংশোধনী এনে আরও ‘ভয়ংকর স্বৈরাচারী’ রূপে আবির্ভূত হতে চায়।

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব জালালুদ্দীন আহমেদ।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বলেছেন, বৈঠকে আলোচনায় অংশ নেন সিনিয়র নায়েবে আমির  ইউসুফ আশরাফ, নায়েবে আমির রেজাউল করীম, সাঈদ নূর, কোরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন,  আব্দুল আজীজ,  শরাফত হোসাইন,  তোফাজ্জল হোসাইন মিয়াজী, শরীফ সাইদুর রহমান।

বৈঠকে দেশে জ্বালানি তেলের সংকট ও শিশুদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ টিকার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়া ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি ইসরায়েলকে প্রতিহত করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।