১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার পথেই গণতন্ত্র সমুন্নত ‘রাখতে পারব’: রিজভী

“সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে…আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাবো।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 01:30 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেখানো পথেই ‘গণতন্ত্র সমুন্নত’ থাকবে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের পর তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য  ধারণ করে…আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাবো। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে।

“তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতাকে ধরে রাখতে পারব, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব। সুতরাং তিনি যে প্রেরণা, তিনি যে নিজের যন্ত্রণা সহ্য করে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাবো।”

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৪০ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যার হাতে বড় দলে পরিণত হয়েছে বিএনপি।

লন্ডনে ১৭ বছরের নির্বাসন ভেঙে মায়ের মৃত্যুর পাঁচ দিন আগে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, “বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে।

“আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব, যার জন্য প্রায় ৪৫/৪৬ বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।”

সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবরে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন। পরে নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতের অংশ নেন নেতা-কর্মীরা।

আওয়ামী লৗগ সরকার প্রতিহিংসামূলক ‘মিথ্যা মামলায়’ সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন নির্যাতন করা, চিকিৎসা না দেওয়া, ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “এর মধ্যে বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে ধৈর্য, আত্মসংগ্রাম, তার যে সাহস, তার যে দৃঢ় প্রত্যয়, যেকোনো হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায় না, তার জলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

তিনি বলেন, “তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকৃত হয়, আর যারা সৌজন্য বোধপ্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র খারাপ শব্দ, বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না, তাকেই আল্লাহ মহিমান্বিত করেন।”

বুধবার খালেদা জিয়ার জানায় জনসমুদ্রের কথা তুলে ধরে তিনি বলেন, “আজকে দেখুন, পরশুদিন থেকে জনতার ঢাল নেমেছে এই কবর প্রাঙ্গণে। সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।”