Published : 12 Aug 2026, 06:55 PM
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বুধবার বিকালে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা বিন ওসমানের কাছে চিঠিটি হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে শফিকুর রহমানের পক্ষ থেকে চিঠিটি লেখা হয়।
গত ১০ অগাস্ট কুয়ালালমপুরে আনোয়ার ইব্রাহিমের প্যারাম্বিলিক্যাল হার্নিয়ার চিকিৎসায় ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার হয়।
তার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে জামায়াত আমিরের চিঠিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও এ সময় উপস্থিত ছিলেন।