২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ দিচ্ছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 03:56 PM

Updated : 10 Sep 2026, 12:58 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

শুক্রবার বিকালে ঢাকার একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপির নির্বাচনি প্রতিশ্রুতি ঘোষণা করা হচ্ছে।

গণঅভ্যুত্থানে নেতৃত্বের সামনের সারিতে থাকা নেতাদের গড়া দলটির ইশতেহারে অবধারিতভাবেই রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ দলিত জুলাই সনদের প্রসঙ্গ এসেছে। এসেছে অভ্যুত্থানে সময় সংঘটিত হত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যা, শাপলা চত্বর ও পিলখানায় হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে।

তার তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার, ‍জুলাই আন্দোলনের সময়ের হত্যা ও গুম-নির্যাতনের বিচার ও নির্বাচনে প্রতিশ্রুতি দেয়।

আর রাজনীতিতে নয়া বন্দোবস্তের লক্ষ্য ধরে গত বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে এনসিপি, এবারের নির্বাচনে যারা জামায়াতের ইসলামীর সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্য নামে মোর্চা গড়েছে।

অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করেন দলের নেতা আদনান ফয়সাল ও নুসরাত তাবাসসুম।

দলটির নির্বাচনি ইশতেহারের প্রথম দফায় বলা হয়েছে, জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের উপর নির্ভরশীল, তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরিতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে।

জুলাইয়ে সংঘটিত ‘গণহত্যা’, ‘শাপলা গণহত্যা’, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ‘ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন’ গঠনের প্রতিশ্রুতি এসেছে ইশতেহারের দ্বিতীয় দফায়।