১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনূসের যুক্তরাষ্ট্র সফর: একদিকে স্বাগত জানানোর প্রস্তুতি, আরেক দিকে বিক্ষোভের

আওয়ামী লীগের নেতাকর্মী এরই মধ্যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগোসহ বিভিন্ন এলাকা থেকে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন।

ইউনূসের যুক্তরাষ্ট্র সফর: একদিকে স্বাগত জানানোর প্রস্তুতি, আরেক দিকে বিক্ষোভের
নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসকে স্বাগত জানাতে শনিবার প্রস্তুতি সমাবেশ করেন বিএনপির নেতারা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউ ইয়র্কে পরষ্পরবিরোধী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন ইউনূসসহ প্রতিনিধি দলকে স্বাগত জানানোর; আর আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভ কর্মসূচির। 

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন ইউনূস ও তার সফরসঙ্গীরা। সোমবার দুপুরে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। 

ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ সফর সামনে রেখে শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সমাবেশে ঘোষণা দেওয়া হয়, সোমবার বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানো হবে। 

সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর, দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন বক্তব্য দেন। 

বক্তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করেন। ফলে বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। 

প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করতে শনিবার প্রস্তুতি সমাবেশ করেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করতে শনিবার প্রস্তুতি সমাবেশ করেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে নিউ ইয়র্কে জড়ো হতে শুরু করেছেন। 

তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। 

শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটি। 

পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন। 

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির আগের দিন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা ফেইসবুক পেইজে দাবি করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

কিন্তু প্রবাসী আওয়ামী লীগের নেতারা বলছেন, গ্রেপ্তারের তথ্যটি মিথ্যা। ইউনূসবিরোধী বিক্ষোভ থামাতে এ অপপ্রচারণা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ তুলেছেন। 

নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে অবশ্য কাউকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়নি। 

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনে ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা