Published : 06 May 2026, 09:19 AM
রাঙামাটিতে এনসিপি ও জাতীয় শ্রমিক শক্তির তিন নেতা যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনে।
মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলার সদরে নিউ মার্কেটের আশিকা কনফারেন্স হলে এই যোগদান অনুষ্ঠান হয়।
গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাবেক আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা, সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চাকমা ও জাতীয় শ্রমিক শক্তির সাবেক যুগ্ম-আহ্বায়ক কলিন্স চাকমার নেতৃত্বে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনে যোগ দেন ওই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আব্দুর রশিদ নীলু। দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ শিমুল, উবা থোয়াই মারমাসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, “পাহাড়ে যারা বসবাস করে, তাদের সংস্কৃতি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাহাড়ের মানুষের আলাদা যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে স্বীকার করতে হবে রাষ্ট্রকে। বাংলাদেশ একটি বহু জাতির রাষ্ট্র, এই হিসেবে নতুন করে রাষ্ট্রকে গঠন করতে হবে।”
আবুল হাসান রুবেল বলেন, “আমরা পুরো বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে বাংলাদেশের সমস্ত নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাকে বাংলাদেশের অস্তিত্বের সাথে ধরে রাখা যায়। পাহাড়িরা একটা দাবি করলেই তারা বিচ্ছিন্নতাবাদী বলে যে গালি দেওয়া হয়, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। পাহাড়িদের সমস্ত অধিকার দাও, কেন তারা বাংলাদেশ ছেড়ে অন্য জায়গায় যেতে চাইবে?”
তিনি বলেন, “কাউকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। তাহলে বাংলাদেশটাকে সকলের হতে হবে। এই রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।”