Published : 06 Sep 2025, 02:54 PM
রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ দরবার শরিফে হামলার ঘটনাটি ‘আন্তর্জাতিক চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে তিনি বলেন, “এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। তৌহিদী জনতার নামে কারা এই কাজগুলো করছেন? অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র আছে।”
আগের দিন শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ কবর, বাড়ি ও দরবার শরিফে ‘তৌহিদী জনতার’ নামে হামলা-ভাঙচুর হয়। তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া। এ সময় ভক্তদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা রিজভী বলেন, “বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজামণ্ডপ পাহারা দেযন আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারের লাশ পুড়িয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা, অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য। এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা.. এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে। কারা এটার সাথে? কেন এই কথাগুলো বারবার আসছে?
“আমি সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে, ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলেও দেখেছি…তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে?”
শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, “শেখ হাসিনা বলতেন, বিএনপি ক্ষমতায় থাকলে, বিএনপি পাকিস্তানপন্থি দল, বিএনপি ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, এসব অপতথ্য এবং অপপ্রচার করতেন।
“এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি। আরে ভাই, আমাদের উপরে যখন বিপদ আসে, আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকেন, মিথ্যা মামলায় ছয় বছর নির্যাতনে, কারাবন্দি অবস্থায় থাকেন।”
ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের তলায় দলটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে।
‘আওয়ামী লীগ কী পন্থি দল?’
বিএনপি নেতা রিজভী বলেন, “আমরা (বিএনপি) কোনো পন্থি দল নই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশপন্থি দল।
“আপনারা (আওয়ামী লীগ) কী পন্থি, আপনারা নিজেরাই প্রমাণ করেছেন। ১৯৮১ সালে যখন ফিরলেন…জিয়াউর রহমান ফেরার অনুমতি দিলেন তখন আপনি (শেখ হাসিনা) কোন দেশ থেকে এসেছিলেন? আবার ৫ অগাস্টে কোন দেশে পালিয়ে গেলেন? আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে? এটা জনগণ দেখেছে।”
তিনি বলেন, “এখন সেই দেশ থেকে পালিয়ে থেকে অডিও বার্তা-ভিডিও বার্তা শুনি…যে তোমরা উল্টে দাও, পাল্টে দাও, কারো হাত ভেঙে দাও, কারো পা ভেঙে দাও, এটা কীভাবে সম্ভব? কে কোন পন্থির সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে।”
“এখন কিছু দল আমাদের আবার ভারতপন্থি বলছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থি বলার পরেও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন, ওরা বাংলাদেশপন্থি নয়।
“আর বিএনপি এই দেশ, এই জাতি, এদেশের মানুষের আহবামানকালের সংস্কৃতি এবং এদেশের মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, সেটাকেই লালন করে।”
মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবনাদর্শ সকলকে অনুসরণের আহ্বান জানান রিজভী।
মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী, আসাদুল করিম শাহিন, আবদুস সাত্তার পাটোয়োরী, ওলামা দলের কাজী মো. সেলিম রেজা ও কাজী মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।