মির্জা আব্বাসের সিঙ্গাপুর যাত্রা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা
ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। এখন বিদেশযাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, যিনি নিজেও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠকে যুক্ত থাকছেন।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর করছেন বলেও জানিয়েছেন তিনি।
জাহিদ হোসেন বলেন, “উনাকে (মির্জা আব্বাস) হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে।
“সবাই উনার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছে। উনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে। তবে এটা বোর্ড নির্ধারণ করবে।”
গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
এরপর বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান। মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে কথা বলেন তারা।
জাহিদ বলেন, মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক জাফর ইকবালসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে। বোর্ডে বৈঠকের সময়ে অনলাইনে যুক্ত থাকছেন এজেডএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, “উনাকে (মির্জা আব্বাস) দেশের বাইরে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে।
“তবে সেটা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপরে।”
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাসের সহধর্মিনী তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া করেন।
