Published : 26 Apr 2026, 02:15 PM
জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন মারা গেছেন, তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রোববার ভোরে বাসায় অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রয়াতের ছেলে সাবায়ের সারোয়ার জানান, রোববার বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীতে দাফন করা হবে।
ছেলে ছাড়াও স্ত্রী ফাতেমা সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিকে রেখে গেছেন তিনি।
গোলাম সারোয়ার মিলন তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তখনকার মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী ছিলেন।
গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি পাওয়া মিলন এর আগে ভাসানী ন্যাপ-সমর্থিত বামপন্থি ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তৎকালীন এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন মিলন। পরে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য হন তিনি।
২০০৭ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন মিলন। পরে তিনি জাতীয় পার্টিতে ফিরে আসেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মিলন বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক ভোট করে হেরে যান।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালে ২৫ এপ্রিল নতুন আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) সম্পৃক্ত ছিলেন গোলাম সারোয়ার মিলন। এই দলের চেয়ারম্যান ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্বাহী হন মিলন ও মহাসচিব হন সাংবাদিক শওকত মাহমুদ। পরে ইলিয়াস কাঞ্চন অসুস্থতার কারণে দল থেকে সরে গেলে গোলাম সারোয়ার মিলনই দলটির হাল ধরেন।