Published : 16 Jan 2026, 05:10 PM
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার ঢাকার তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কমিটির তরফে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমেদ বকুলের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা ও মুক্তিযুদ্ধে বামপন্থি একটি অংশকে নেতৃত্ব দেওয়া অমল সেনের প্রতিকৃতিতে ফুল দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, নজরুল ইসলাম নীলু।
এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মিনহাজ সেলিমের নেতৃত্বে গণতান্ত্রিক পার্টি ও আজহার উদ্দিনের নেতৃত্বে সম্মিলিত সামাজিক আন্দোলন অমল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ ছাড়া বাংলাদেশ আইজীবী সংসদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সংগঠন এবং ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা, টাঙ্গাইল জেলা, রাজশাহী মহানগর, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা সভাপতি স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান।
ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজীবন বামপন্থি আন্দোলনের সঙ্গে জড়িত থাকা অমল সেন ১৯১৪ সালে নড়াইল জেলার আফরা গ্রামের জন্মগ্রহণ করেন। স্কুলের ছাত্র থাকা অবস্থায় অনুশীলন সমিতির মাধ্যমে ব্রিটিশবিরোধী সংগ্রামে এবং খুলনার বিএল কলেজে পড়ার সময় ১৯৩৩ সালে অবিভক্ত ভারতের কমিনিস্ট পার্টিতে যোগ দেন তিনি। ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনে নড়াইলে অঞ্চলে নেতৃত্ব দেন। পাকিস্তান আমলে দুই দফায় প্রায় ১৭ বছর কারাগারে ছিলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় মুক্তি পেলেও আবার তাকে গ্রেপ্তার করা হয়। একাত্তরে কারামুক্ত হয়ে ভারতে চলে যান এবং মুক্তিযুদ্ধে বামপন্থিদের ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান, গঠন করেন ‘কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি’।
দীর্ঘ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করা অমল সেন ২০০৩ সালের ১৭ জানুয়ারি ৮৯ বছর বয়সে মারা যান।
অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শনিবার নড়াইলের বাকড়িতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করবে ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’।