Published : 10 Feb 2026, 12:51 AM
মিরপুরে (ঢাকা-১৫) জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হলে মুক্তিযুদ্ধ নিয়ে ‘প্রশ্ন তোলা ও শহীদদের অবমাননার পথ খুলে যাবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।
সোমবার বিকালে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী আশফাকুর রহমান সবুজের নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
মিরপুর ১৪ নম্বরে অনুষ্ঠিত এ জনসভায় তিনি বলেন, “এই আসনে যে বড় নেতা প্রার্থী হয়েছেন, তার রাজনৈতিক দর্শন ধর্মের নামে বিভাজন, সংঘাত ও একটি নির্দিষ্ট মতবাদ জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতির সঙ্গে জড়িত। ধর্মের নামে ফ্যাসিবাদী রাজনীতির ভয়াবহ পরিণতি আমরা ইরাক, সিরিয়া, সোমালিয়া ও সুদানে দেখেছি। জাতির অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে।
“মিরপুরের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ। এরা ক্ষমতায় এলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও গণহত্যার স্মৃতিবিজড়িত জল্লাদখানার মতো ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের ঝুঁকিতে পড়বে। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলা ও শহীদদের অবমাননার পথ খুলে যাবে। আগামী ১২ তারিখে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এদের চূড়ান্তভাবে পরাজিত করতে হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি গোলাম মর্তূজা। এতে অন্যদের মধ্যে আশফাকুর রহমান সবুজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মনজুর আহমেদ মনজু, আনোয়ারুল ইসলাম বাবু, কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন চঞ্চল, মাহবুব মূর্শেদ সেতু ও মো. নুরুন্নবী বক্তব্য রাখেন।
মনজুর আহমেদ মনজু বলেন, “আগামী দিনের গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব আশফাকুর রহমান সবুজকে ভোট দিন। সবুজকে ভোট দিলে মুক্তিযুদ্ধ জিতবে, বাংলাদেশ জিতবে।
“যারা ক্ষমতায় যাওয়ার আগেই সেনাবাহিনী ও প্রশাসন নিয়ে আপত্তিকর বক্তব্য দেয় এবং নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়ে আরেকটি ভয়ংকর পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই।”
বাংলাদেশ জাসদের এ নেতা বলেন, “তারা ক্ষমতায় গেলে দেশকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেবে, যার ইঙ্গিত আমরা ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর দেখতে পাচ্ছি।”