কবি নজরুলের পাশে সমাহিত হবেন হাদি
মানিক মিয়া অ্যাভিনিউতে জোহরের নামাজের পর জানাজা হবে, বলা হয় ইনকিলাব মঞ্চের বার্তায়।
পরিবারের ইচ্ছায় শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির ফেইসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিবেন।
“পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল (শনিবার) মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।”
সংগঠনটি বলেছে, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।
“মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।”
