১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ে অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত ষড়যন্ত্র’: নাগরিক কমিটি

“এই ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট অবনতির চিত্র ফুটে উঠেছে,” অভিযোগ করা হয় বিবৃতিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 12:36 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করেছে, "সচিবালয়ের মত একটি নিরাপত্তাবেষ্টিত স্থানে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পতিত ফ্যাসিবাদী শক্তিদের ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এই ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট অবনতির চিত্র ফুটে উঠেছে। 

“আমরা মনে করি এই ঘটনার পরে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা উচিত।”

সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিনের পাঠনো বিবৃতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়া অগ্নি নির্বাপণ করতে গিয়ে একজন ফায়ার সার্ভিস সদস্যের ট্রাক চাপায় মৃত্যুতে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি।

বিবৃতিতে এ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ তদন্ত করে বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি করা হয়।

বুধবার রাত প্রায় ২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ১০ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

সংগঠনটি বিবৃতিতে বলেছে,  “চরম উদ্বেগের সাথে লক্ষ্য করছি ফ্যাসিবাদের মদদপুষ্ট নানা মহল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পূর্বেই পদোন্নতিতে কোটা সংক্রান্ত সুপারিশ গণমাধ্যমে প্রকাশের ফলে ক্যাডারদের মাঝে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত সংস্কার কমিশনগুলোর সম্ভাব্য চূড়ান্ত প্রতিবেদনের জন্য জাতি অপেক্ষা করছে বলে বিবৃতিতে তুলে ধরে বলা হয়, "কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রস্তাবনা ও সংস্কার কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে নানাবিধ তৎপরতা চলছে। সংস্কার কমিশনগুলো সরকারের কাছে নিজেদের চূড়ান্ত প্রতিবেদনসমূহ দাখিল করার পূর্বেই এ ধরনের অস্থিরতা এবং কমিশনের কাজে প্রতিবন্ধকতা রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার একটা অপচেষ্টা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।"