১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন সমাজ বিনির্মাণই এখন ‘সবচেয়ে বড় সংস্কার’: সেলিম

“এই সংস্কারের স্বার্থে জনগণকে যদি অংশীদার করতে চাই। সেই লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 12:20 AM

Updated : 26 Aug 2026, 12:44 PM

সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পুরনো সামাজিক কাঠামো ভেঙে নতুন সমাজ বিনির্মাণই এখন ‘সবচেয়ে বড় সংস্কার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার ক্ষেতমজুর সমিতির একাদশ জাতীয় সম্মেলন উদ্বোধন করে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বলেন, “পুরনো ব্যবস্থাকে চুরমার করে একটা বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে সমাজতন্ত্রের লক্ষ্যে নতুন সমাজ নির্মাণ করতে হবে। এর চেয়ে বড় সংস্কার আর কি আছে?”

“এই সংস্কারের স্বার্থে জনগণকে যদি অংশীদার করতে চাই। সেই লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।”

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির একাদশ জাতীয় সম্মেলন হয়। 

মিলনায়তনের সামনে জাতীয় পতাকা ও ক্ষেতমজুর সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এরপর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সারা দেশ থেকে কয়েকশ প্রতিনিধিরা এই সম্মেলন অংশ নেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “প্রকৃত সংস্কারে জনগণকে অংশীদার করতে হলে তাদের কাছে রাজনীতির কথা নিয়ে যেতে হবে। তাকে সংস্কারের অংশীদার করতে হবে। 

“এদিকটাতে না তাকিয়ে কাগজে-কলমে কিছু সংস্কার করবে যারা, তারা আসলে সংস্কারে বিশ্বাস করেন না। তারা বালুর ওপরে ঘর বানাতে চায়।”

জনগণকে দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় সামিল করতে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা অপরিহার্য, সেই সংস্কারগুলো দ্রুত সময়ে শেষ করতে সরকারের কাজ শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক আন্দোলনের নেতা নূর মোহাম্মদ তালুকদার, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, অর্ণব সরকার।