Published : 21 Sep 2025, 10:13 PM
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় দিনের কাউন্সিল অধিবেশনে ‘রাজনৈতিক প্রস্তাব’ উত্থাপন করেছে কেন্দ্রীয় কমিটি।
এই প্রস্তাবে সাম্প্রদায়িকতা, সশস্ত্র সম্প্রদায়িক শক্তির বিপদ, রাষ্ট্রের ‘ফ্যাসিস্ট প্রবণতা’, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার চেষ্টা, জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টাসহ বিভিন্ন বিষয়কে গুরুতর বিপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সারাদেশের ৪৫ জন প্রতিনিধি দলের কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা করেন বলে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়।
কংগ্রেসের মুখপাত্র রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক লাকী আক্তার বিস্তারিত জানান।
জনগণের শক্তিকে সংহত করে শক্তিশালী পার্টি গড়ে তোলার প্রত্যয় তুলে ধরে সিপিবির রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, “সাম্প্রদায়িকতা, সশস্ত্র সম্প্রদায়িক শক্তির বিপদ, রাষ্ট্রের ফ্যাসিস্ট প্রবণতা, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার চেষ্টা, বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টা প্রভৃতিকে গুরুতর বিপদ বলে বিবেচনা করে।
“এসব বিপদের বিরুদ্ধে সিপিবিকে নিরবচ্ছিন্ন সংগ্রামে আপসহীন, দায়িত্বপূর্ণ ও নেতৃত্বের ভূমিকা পালন করে যেতে হবে।”
সেজন্য বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পিত কর্মকৌশল গ্রহণ করে অগ্রসর হতে হবে বলেও প্রস্তাবে বলা হয়।
এদিন রাজধানীর বিএমএ মিলনায়তনে ‘রাজনৈতিক প্রস্তাব’ উত্থাপন করেন সিপিবি সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী রতন।
শুক্রবার থেকে ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’- স্লোগানকে ধারণ করে শুরু হয়েছে সিপিবির চার দিনের কংগ্রেস।
সোমবার সমাপনী দিনে সব ‘রিপোর্ট’ উত্থাপন ও অনুমোদন শেষে, কন্ট্রোল কমিশন নির্বাচন, কেন্দ্রীয় কমিটি নির্বাচন, জাতীয় পরিষদের নির্বাচন, সমাপনী ভাষণ, সমবেত কন্ঠে ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনালের’ পরিবেশনের মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি হবে বলে জানায় সিপিবি।