Published : 20 Jul 2026, 07:35 PM
রাজনীতিতে ‘অসততা ও শঠতা’ না করতে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহবান করব, রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না।
“বরং গণরায়কে সন্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রের সকলে উপকৃত হবে।”
সোমবার ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় চরমোনাই পীর হিসেবে পরিচিত রেজাউল করীম বক্তব্য রাখছিলেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, “জুলাই সনদে বিএনপিসহ সকলে স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে কথা বলে নাই।”
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার করেছেন।
“এখন সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা বিএনপির রাজনৈতিক অসততা এবং শঠতা।”
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে, এ কথা তুলে ধরে রেজাউল করীম বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।
“সেজন্য সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।”
জরুরি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন, সহকারী মহাসচিব সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ।