Published : 14 Feb 2026, 11:05 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারেক রহমান ও বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান হেফাজত নেতারা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতি দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
‘তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের’ শিরোনামে এই বিবৃতি দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, “দেশের জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় জনাব তারেক রহমান ও বিএনপি জোটকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে সব সংসদ সদস্যের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
“ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে। মাগফিরাত কামনা করছি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের। সুস্থতা কামনা করছি আহতদের।”
রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া এক মহান নেয়ামত উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, “তিনি যাদের ওপর দেশ শাসনের দায়িত্ব অর্পণ করেন, তাদের ওপরই জনগণের হক আদায়ের গুরুদায়িত্ব ন্যস্ত করেন। রাষ্ট্র ক্ষমতা কোনো সম্মান লাভের উপায় নয়, বরং এটি এক কঠিন আমানত।”
নির্বাচন পরবর্তী যে ‘সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য দেখা যাচ্ছে’ তা কখনোই কোনো জাতির কল্যাণ বয়ে আনবে না তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “বরং এগুলো সরকার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা নতুন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—সন্ত্রাস ও সহিংসতা দমনে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করুন।
“আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক হিসেবে গড়ে তুলতে কার্যকর প্রশিক্ষণমূলক কর্মপন্থা গ্রহণ করুন। নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মসূচি জোরদার করে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার উদ্যোগ নিন।”
দেশের নাগরিক সমাজ ও তরুন প্রজন্মের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
নির্বাচনের আগে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছিলেন।