১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে খালেদা: বিএনপির ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত

এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল ১ ডিসেম্বর থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ঘোষিত পক্ষকালব্যাপী  ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

রোববার দুপুরে ঢাকার নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘ আপনারা জানেন আমাদের একটি পক্ষকালব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছিল বিজয়ের মাসে। এটার শিরোনাম ছিল ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল রোড শো’।  আগামীকাল ১ ডিসেম্বর থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন হওয়ার কথা ছিল।

“আপনারা জানেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী যিনি রাজনীতির হাল  ধরার পর থেকেই মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছেন। সত্যের প্রতিনিধি, মানুষের কাছে অঙ্গীকার রক্ষার একজন প্রতিনিধি। রাজনীতিকে কলুষমুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে জীবন-সংগ্রামে রয়েছেন। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা কর্মসূচিটি স্থগিত রাখছি।“

রিজভী বলেন, “আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত। শুধু বিএনপির নেতাকর্মী নয়, শুধু বিএনপির অঙ্গসংগঠনই নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন বা সমর্থক, তারাও যতটুকু শুনেছি দোয়া করছেন।”

শনিবার বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ‘বিজয় মশাল রোড শো’র পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চট্টগ্রামের কালুঘাট থেকে ১ ডিসেম্বর এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন জেলা ও বিভাগ ঘুরে ১৬ ডিসেম্বর ঢাকায় মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হতো। কিন্তু এক দিনের মাথায় সেই কর্মসূচি স্থগিত করল বিএনপি।

২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’। 

পরের দিন তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার। 

সারাদেশে 'রোড শো'র পর বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি