গণসংহতি আন্দোলনের প্রার্থী বাছাই শুরু
ইতোমধ্যে যারা প্রার্থী মনোনয়নের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যাচাই-বাছাই চলছে, বলা হয়েছে দলের তরফে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংহতি আন্দোলন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীদের ৩ অক্টোবরের মধ্যে জীবনবৃত্তান্ত ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৃত্তান্তসহ দলের দপ্তরে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।
রোববার গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতোমধ্যে যারা প্রার্থী মনোনয়নের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যাচাই-বাছাই চলছে।
দলের মনোনয়ন বোর্ডের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বোর্ড সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গেল ৫ অগাস্ট আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।
শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়েও প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বার্তা দিয়েছেন।
তার আগে সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ইউনূস বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে। তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতাও চেয়েছেন সিইসি।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি বলেন, “তিনি (প্রধান উপদেষ্টা) সাফ জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোট করার অপেক্ষায় রয়েছে কমিশন। ভোটের দিনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।”
